জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। মিছিল থেকে সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ইস্যুতে কোনো ধরনের বিচারহীনতা মেনে নেওয়া হবে না।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে এই কফিন মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যানটিন, মল চত্বর ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহসভাপতি হাসিব আল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদিন, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূর আলম হাসান ও সাধারণ সম্পাদক যাবের বিন নূর। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং বিভিন্ন কলেজ ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত থেকে মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, আদর্শিক ভিন্নতা থাকলেও জুলাই গণহত্যার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, আজকের সমাবেশ তারই প্রমাণ। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলভুক্ত সব শিক্ষককে বিচারের আওতায় আনার দাবি জানান এবং তাদের ক্লাসরুমে পাঠদানের সুযোগ না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের সনদ ও ছাত্রত্ব বাতিলেরও দাবি তোলেন তিনি।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, জুলাইকে কেবল বক্তৃতায় সীমাবদ্ধ না রেখে হৃদয়ে ধারণ করতে হবে, যার অর্থ দীর্ঘদিনের নিপীড়ন ও গণতন্ত্র হরণের ইতিহাস স্মরণে রেখে ফ্যাসিবাদবিরোধী অবস্থান অটুট রাখা। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার দ্রুত কার্যকর করে তা প্রজন্মান্তরে টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হোক।
অনুষ্ঠানে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী সরকারকে উদ্দেশ করে বলেন, জুলাই ইস্যুতে কোনো বিচারহীনতা বরদাশত করা হবে না এবং গণভোট নিয়ে ইতোমধ্যে যে প্রতারণা হয়েছে, তার পুনরাবৃত্তির সুযোগ দেওয়া হবে না।