গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন মোছা. রিম্পা (২১) নামের এক নারী বন্দী। শনিবার সকাল আটটা পর্যন্ত তাকে খুঁজে বের করতে পারেনি কারা কর্তৃপক্ষ।
কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কারাগারের ভেতরে রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে টের পান কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কারাগারের বিভিন্ন অংশে একাধিকবার তল্লাশি চালানো হলেও তার হদিস মেলেনি।
জানা গেছে, পলাতক রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায়। ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষের করা মামলার ভিত্তিতে পলাতক ওই নারী বন্দীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শিরিন আক্তার বলেন, বিষয়টি নিয়ে তারা এখন তদন্তে ব্যস্ত রয়েছেন এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।