নরসিংদীতে মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

দেশের সকল গন্ডগোলের রিমোট-কন্ট্রোল দিল্লীর হাতে: গোলাম পরওয়ার

Share
জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘যেকোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদেই সমাধান হওয়া উচিত। বিএনপির উচিৎ দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে জুলাই সনদের আইনী ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কার কাজ করা। দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর বিকল্প কিছুই করার থাকবে না।’ তিনি বলেন, জাতি দীর্ঘ ১৮ বছর জ্বালাও-পোড়াও, হরতাল-ধর্মঘটে অতিষ্ট, তাই এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির।
শুক্রবার (১৭ জুলাই) দুপরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘ফেরার বিষয়টি সরকার-আইনি ব্যাপার, সরকারই সিদ্ধান্ত নেবে। তবে জুলাই-আগস্টের নিষ্ঠুরতা ও বর্বরতার ক্ষত চিহ্ন এখনো শুকায়নি। ফলে দেশের কোটি কোটি মানুষ তাদের বর্বরতার বিচার দাবি করে। জনগণ এমন ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার চায় না।’
মিয়া গোলাম পরওয়ার এ সময় আরও বলেন, ‘এই দেশের সকল রাজনৈতিক গন্ডগোল পাকানো আর জুলুম করানো সব কিছুর রিমোট কন্ট্রোল তো দিল্লি করছে। সমস্ত আন্তর্জাতিক আইন, বন্দী বিনিময় আইন, জেনেভা কনভেনশন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা আরাম আয়েশে থাকার সুযোগ দিচ্ছে দিল্লী।’ তিনি বলেন, ‘সকল প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ন্যায্য সম্পর্ক চাই।’ তিনি আরও বলেন, ‘লাল জুলাইয়ের চেতনা দেশের জনগণ এখনো ধারণ করে, কোনো ফ্যাসিবাদী শক্তিকে জনগণ বরদাশত করবে না।’
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য মশিউল আলম প্রমুখ। এর আগে নরসিংদী জেলার রুকনদের নিয়ে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তথ্যসূত্রঃ স্টার নিউজ