দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তার পদবি নিয়ে উত্থাপিত প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো এই আমন্ত্রণে তারেক রহমানকে বিমসটেকের সভাপতি হিসেবে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, বাংলাদেশ থেকে আসা কিছু মন্তব্যে বলা হচ্ছে যে আমন্ত্রণপত্রে তারেক রহমানের পদবি হিসেবে ‘প্রধানমন্ত্রী’ নয় বরং ‘বিমসটেকের চেয়ার’ ব্যবহার করা হয়েছে, যা অপমানজনক বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে স্পষ্টীকরণ চাওয়া হলে সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, ব্রিকস সম্মেলনের প্রস্তুতি চলছে এবং আমন্ত্রণ ও কারিগরি বিষয়ে পরবর্তীতে তথ্য জানানো হবে।
একই ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান তিন দিনের বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন করা হয়। মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যক্রম সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না, এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে উত্তর দেয়ার দায়িত্ব মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের, কারণ এটি সংশ্লিষ্ট দুই দেশের বিষয়।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের মধ্যকার সাম্প্রতিক বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল জানান, এ বৈঠক সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই, তবে তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।