বন্ধ থাকা ৩টি জুট মিল খুলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, দুই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, মিল ৩টিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানি দুটি। যেখানে কর্মসংস্থান হবে ১১ হাজারেরও বেশি মানুষের। এ সময় আগামী ৬ মাসের মধ্যে বন্ধ হওয়া আরও কিছু কল কারখানা চালুর উদ্যোগের কথা জানান তিনি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল ৩০ বছরের জন্য ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপ। অন্যদিকে খুলনার দীঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিলস ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
তথ্যসূত্র: স্টার নিউজ