সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের একটি ফেসবুক পোস্টকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
শ্যামনগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একটি নির্দিষ্ট ভোটকেন্দ্রের ঘটনা উল্লেখ করে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পরপরই সেটি মুছে ফেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম লেখেন, “প্রিয় শ্যামনগরবাসী, আসসালামু আলাইকুম। কুমিরদীঘি কেন্দ্র, ভোটের পর অনেক আশায় আপনারা আমাকে প্রতিনিধি নির্বাচন করেছিলেন। কিন্তু আপনাদের সে আশা পূরণ করতে না পেরে এবং আপনাদের আশাহত করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় অঙ্গন, রাজনৈতিক নেতাকর্মী ও তার অনুসারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। পোস্টটির মন্তব্যের ঘরেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
তবে পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরই তার ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে গাজী নজরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: ঢাকা ডায়েরী