নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক হওয়ার মো. রাজু (৩০) নামের এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় আসামির বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া মো. রাজু জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। গ্রেপ্তার হওয়া বড় ভাইয়ের নাম মোক্তার হোসেন ওরফে আক্তার (৪২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসার সময় রাজুর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের পথরোধ করে এবং ঘিরে ধরে। একপর্যায়ে ধস্তাধস্তির সুযোগে হাতকড়াসহ পালিয়ে যান রাজু।
এ বিষয়ে জানতে চাইলে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনায় রাজুর বড় ভাই আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: কালবেলা