মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক

Share

সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) ও হৃদয় পাল (২০)। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা।

জেলা পুলিশ জানায়, শুক্রবার রাতে ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যান।

আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা কালবেলাকে বলেন, ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: কালবেলা