সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এক প্রেস বিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নে পুলিশ জানায়, তদন্তের স্বার্থে কী কী পাওয়া গেছে এখন বলা যাচ্ছে না। তদন্তের পরে জানানো হবে।
অপরদিকে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে থানায় নেয়ার সময় তাকে হাত দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা গেছে।
রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ফ্ল্যাটেই ছিলেন গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম বলে জানা যায়।
রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।
৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া যায় বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে এসে দরজা ভেঙে লাশ নামিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
সূত্র: স্টার নিউজ