প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাসে আগুন ও ককটেল হামলা করছে কারা, তা বের হয়ে আসবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সমমনা জোটের এক সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, বিএনপিকে বলা হয় জুলাইয়ে তো বিএনপি মাঠে ছিল না। জুলাইয়ে এই প্রেসক্লাবের সামনে থেকে সবার আগে কে অ্যারেস্ট হয়েছিল? জনাব রুহুল কবির রিজভী সাহেব। বিএনপি মাঠে না থাকলে, তাহলে বিএনপির এই সংগ্রামী নেতাকে কেন গ্রেপ্তার করা হলো? জুলাইয়ের সময়ে সব থেকে বেশি গ্রেপ্তার হয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল সেই সকল দলের নেতাকর্মীরা।
সুতরাং আজকে যারা এই চক্রান্ত করছে তাদের ব্যাপারে এদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান করে রাশেদ খান আরও বলেন, এই যে সাত মাসের একটি সরকার, সেই সরকারের বিরুদ্ধে এখনই লংমার্চ কর্মসূচি। এটা কি কোনো স্বাভাবিক কর্মসূচি? জামায়াতে ইসলামী-এনসিপি লংমার্চ করছে। আর বিপরীত দিকে আওয়ামী লীগ মাঠে নেমে তারা অরাজকতা সৃষ্টি করছে। অর্থাৎ এই মুহূর্তে দুইটা বিরোধী দলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।
তিনি বলেন, এই বিরোধীদল আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়। যেমন শেখ হাসিনাও ডিসেম্বরে ফিরতে চান।
সূত্র: স্টার নিউজ