Oplus_131072

মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে

Share

মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর নিজ বিভাগের সদস্যদের অভিযানে আটক হন তিনি। পরে ডোপ টেস্টে তার শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হলে আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করে।
সোমবার বরগুনার জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করা হলে তার শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত এ দণ্ডাদেশ দেন। এর আগে রোববার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল হোসেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকার বাসিন্দা। তিনি বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই রুবেল হোসেনের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তিনি বরগুনায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত এমন তথ্যের ভিত্তিতে তাকে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে অধিদপ্তর।