মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ‘পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

Share

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে সম্পৃক্ততার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।

মুকসুদপুর থানার ওসি জানান, গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হলে থানা ভবনটি পুড়ে যায়। ওই ঘটনার তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারের আগে তাঁকে এসআরবি-১১ ও পুলিশ সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা ও অভিব্যক্তিতে এ ঘটনায় সম্পৃক্ততার স্পষ্ট ইঙ্গিত পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।