তিনতন্ত্র ডেস্ক: জনপ্রিয় কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা একটি ব্যঙ্গচিত্র (ক্যারিকেচার) নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। কার্টুনটিতে তাঁর কপালে একটি বন্দুকের চিহ্ন আঁকা থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘সৃজনশীল আর্টকে কি সন্ত্রাসবাদে রূপান্তর করা হচ্ছে?’
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই কার্টুনটি শেয়ার করে ব্যারিস্টার ফুয়াদ এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ লেখেন, ‘মেহেদী হক কার্টুনসকে (Mehedi Haque Cartoons) ধন্যবাদ কার্টুনের জন্য আমাকে উপযোগী মনে করবার জন্য। তবে মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে আসলে কি বলবার চেষ্টা করা হচ্ছে? কপাল বরাবর গুলি করে হত্যাযোগ্য করা? যেটা এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়ত হুমকি আকারে বলছে।’
শিল্পচর্চার সীমারেখা ও অতীত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, ‘প্রশ্ন হলো সৃজনশীল আর্টকে কি সন্ত্রাসবাদে রূপান্তর করা হচ্ছে? অতীত ইতিহাসে দেশে-বিদেশে এগুলোর খারাপ পরিণতি সম্পর্কে আমরা অবগত। আশা করছি কার্টুনিস্ট এটার ভয়াবহতা বিবেচনাতে নিবেন।’
ব্যারিস্টার ফুয়াদের শেয়ার করা ওই কার্টুনটিতে তাঁর মুখাবয়বের কপালের অংশে একটি ক্ষুদ্র বন্দুকের আকৃতি দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।