নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
শাখাওয়াতকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, আটক করার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করছেন। একপর্যায়ে আগামী ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চাওয়া হলে তিনি নিজেকে ‘ওএসডি’ (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় থাকার কথা জানান।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন তাঁর পরিচয় জানতে চান এবং সরকারি কর্মকর্তা হয়ে আর নাশকতা করবেন কি না—সে প্রশ্ন করেন। জবাবে শাখাওয়াত আর কোনো নাশকতা করবেন না বলে জানান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে কান ধরতে বললে তিনি কান ধরেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে সেখান থেকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শাখাওয়াত মুনকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।