তিনতন্ত্র অনলাইন ডেস্ক: তীব্র সমালোচনা ও আপত্তির মুখে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের আঁকা ব্যঙ্গচিত্রটি (ক্যারিকেচার) সংশোধন করেছেন কার্টুনিস্ট মেহেদী হক। আগের কার্টুনটিতে ব্যারিস্টার ফুয়াদের কপালে একটি বন্দুকের মতো চিহ্ন দেখা গেলেও, সংশোধিত সংস্করণে সেটি সরিয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সংশোধিত ক্যারিকেচারটি প্রকাশ করেন মেহেদী হক। তবে আগের ছবিতে ওই চিহ্নটি কেন আঁকা হয়েছিল, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
ছবিটি আপডেট করে ব্যারিস্টার ফুয়াদের সেই পোস্টে মেহেদী হক মন্তব্য করেন, ‘ফুয়াদ ভাই, ক্যারিকেচারটিতে ভুল বোঝা ও অপব্যাখ্যার অবকাশ থাকায় আপডেট করে দিলাম। আশা করছি বিতর্ক এখানেই থেমে যাবে।’

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে কার্টুনটি শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘মেহেদী হক কার্টুনসকে ধন্যবাদ কার্টুনের জন্য আমাকে উপযোগী মনে করবার জন্য। তবে মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে আসলে কি বলবার চেষ্টা করা হচ্ছে? কপাল বরাবর গুলী করে হত্যাযোগ্য করা? যেটা এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়ত হুমকি আকারে বলছে। প্রশ্ন হলো সৃজনশীল আর্টকে কি সন্ত্রাসবাদে রূপান্তর করা হচ্ছে? অতীত ইতিহাসে দেশে-বিদেশে এগুলোর খারাপ পরিনতি সম্পর্কে আমরা অবগত। আশা করছি কার্টুনিস্ট এটার ভয়াবহতা বিবেচনাতে নিবেন।’

ব্যারিস্টার ফুয়াদের ওই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই কোনো ব্যাখ্যা না দিয়ে ক্যারিকেচারটির কপাল থেকে বিতর্কিত চিহ্নটি মুছে নতুন সংস্করণ প্রকাশ করলেন কার্টুনিস্ট মেহেদী হক।