ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Share

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া মো. রফিকুল আলম সংস্থাটির বাণিজ্যিক বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে সই করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।

অফিস আদেশে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড ‘বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯’-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন এবং একই সঙ্গে তাঁকে নিয়মিত বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’য় হাজিরা দিতে হবে।

জানা গেছে, ফেসবুকে দেওয়া ওই পোস্টের স্ক্রিনশটে একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা দেখা যায়। এ ছাড়া পোস্টটির মন্তব্যের ঘরে রফিকুল আলম ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লিখেছিলেন।

তিনতন্ত্র