চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসী: পুলিশের পাহারায় দোকান খোলার ১৩ দিনের মাথায় গুলি, আহত ১

Share

চাঁদাবাজির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশ পাহারায় পুনরায় চালুর ১৩ দিনের মাথায় খুলনা নগরের টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা ও মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ফার্মেসির ভেতরে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে দোকান মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আহত জারিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডান পায়ের উরুতে গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শীর বিবরণ ও ঘটনার সময় পুলিশি অনুপস্থিতি

জানা গেছে, শুক্রবারও নিয়মিত সূচি অনুযায়ী ফার্মেসিটিতে পুলিশ পাহারা ছিল। তবে ঠিক গুলির সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওয়াসিক হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা এক ব্যক্তি ফার্মেসির সামনে আসেন এবং সে সময় সেখানে কোনো পুলিশ ছিল না। এর মধ্যেই একটি মোটরসাইকেল এসে সেখানে থামে। হঠাৎ বোরকা পরা ওই ব্যক্তি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। গুলির শব্দ ও চিৎকার-চেঁচামেচিতে এলাকা ফাঁকা হয়ে যায়। পরে ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করে আনা হলে ওয়াসিক হোসেন নিজের রিকশায় করে তাঁকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান।

চাঁদার দাবি ও পূর্বাপর প্রেক্ষাপট

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের চাঁদার দাবি ও হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে গত ২৮ অক্টোবর রাত থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা ১৮ দিন ফার্মেসিটি বন্ধ রেখেছিলেন মালিকপক্ষ। এ ঘটনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেয়। পরবর্তী সময়ে পুলিশের নিরাপত্তার আশ্বাসে ১৪ নভেম্বর রাত থেকে পুলিশ পাহারায় ফার্মেসিটি পুনরায় চালু করা হয়েছিল।

পুলিশের বক্তব্য

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে ফার্মেসির সামনে গুলি করে পালিয়ে যায়। এতে ফার্মেসি মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে গুলি বিদ্ধ হয় এবং তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় পুলিশের অনুপস্থিতির বিষয়ে ওসি জানান, ফার্মেসিতে নিয়মিত পুলিশ পাহারা রয়েছে; তবে ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা হয়তো কিছুটা দূরে ছিলেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

তিনতন্ত্র