মেহবুবা মুফতি। ছবি: ইন্ডিয়া টুডে

‘শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ’— নিট আন্দোলনে সংহতি জানিয়ে মন্তব্য মেহবুবা মুফতির

Share

পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। বৃহস্পতিবার তিনি এই আন্দোলনকে দেশের সংবিধান, গণতন্ত্র ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে অভিহিত করেন

নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষাটা তাদের হলেও প্রকৃত পরীক্ষা এখন গোটা জাতির। উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের জবাবদিহি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত এক মাস ধরে অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিজেপি।

গত এক যুগে দেশে বিভাজনের রাজনীতি, দুর্নীতি, প্রশ্নফাঁস ও নারী নির্যাতনের প্রবণতা বৃদ্ধির অভিযোগ তুলে মেহবুবা তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, বর্তমানে দেশে শিশুদের চেয়ে গরুর নিরাপত্তাই যেন বেশি নিশ্চিত।

কেন্দ্রীয় সরকার ও বিচার বিভাগের কড়া সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও শিক্ষার্থীদের সমস্যার কোনো সুরাহা হয়নি, আর বিচার বিভাগ সময়ের অভাবের কথা বলে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তরুণ সমাজ এখনই সোচ্চার না হলে দেশ স্বাধীনতা-পূর্ব সময়ের চেয়েও খারাপ পরিস্থিতিতে পৌঁছাবে বলে সতর্ক করেন তিনি।

অনেক পরিবার জমি বিক্রি করে বা বিপুল অর্থ ব্যয় করে সন্তানদের পড়াশোনা করায়— এই বাস্তবতা তুলে ধরে মেহবুবা হুঁশিয়ারি দেন, শিক্ষার্থীদের ক্ষোভের যথাযথ সমাধান না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে, এমনকি সংবিধান রক্ষা করা না গেলে গোটা দেশই একধরনের উন্মুক্ত কারাগারে পরিণত হতে পারে। তীব্র গরমের মধ্যেও শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করায় সরকারের প্রতি অসন্তোষ জানিয়ে তিনি মন্তব্য করেন, তরুণদের শক্তিই সবচেয়ে বড় শক্তি, আর ক্ষমতার এই দম্ভ বেশি দিন টিকবে না।