সব ধর্মের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম: কর্ণাটকের মন্ত্রী

Share
কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি বলেছেন, আমি বলতে চাই যে, সব ধর্মের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। এটি মানবতা দিয়ে শুরু হয়। রোববার (৩০ আগস্ট) কোপ্পালে এক সমাবেশে এ কথা বলেন তিনি। খবর ডেকান ক্রনিক্যাল’র।
তবে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোমবার বিতর্ক সৃষ্টি হয়। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার পদত্যাগ এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়। সোমবার তার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
একটি অনুষ্ঠানে রায়ারেড্ডি বলেন, সাম্প্রদায়িক শক্তিগুলো ইসলাম ধর্ম সম্পর্কে ভুল ধারণা ছড়ায় এবং বলেন, আমি মন্দির বা মঠে যাই না। তিনি কোপ্পাল জেলার কুক্কানুরে একটি গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। জ্যেষ্ঠ রাজনীতিক রায়ারেড্ডি কোপ্পাল জেলার ইয়েলাবুর্গা বিধানসভা আসনের বিধায়ক।
তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রায়ারেড্ডি বলেন, এতে ভুল কী আছে? আমি বলেছি, ইসলাম ধর্মে কিছু শ্রেষ্ঠ চিন্তাধারা রয়েছে। আমি কখনও বলিনি যে অন্য ধর্মগুলো নিকৃষ্ট। এরপর তিনি বলেন, এমনকি আমি যদি বলেও থাকি যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, তাতেই বা সমস্যা কী?
সোমবার আর. অশোক রায়ারেড্ডিকে তার বক্তব্য প্রত্যাহার করে হিন্দুদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তার দাবি, এই বক্তব্যে হিন্দুদের অনুভূতিতে আঘাত লেগেছে। রায়ারেড্ডি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে অশোক মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারকে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানান।
অশোক বলেন, কংগ্রেস দলের ‘সর্ব ধর্ম সম্ভাব’ এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ‘মোহাব্বত কি দোকান’-এর প্রকৃত চেহারা এখন গোটা দেশ দেখছে। তিনি আশ্বস্ত করেন যে, সস্তা ভোটব্যাংক রাজনীতির জন্য বিজেপি হিন্দুদের মর্যাদার সঙ্গে আপস করতে দেবে না।
এই বক্তব্যের তীব্র সমালোচনা করে রাজ্য বিজেপির সভাপতি এবং বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র বলেন, এই বক্তব্য ভবিষ্যতে রায়ারেড্ডির জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে।
এমনকি বিজয়েন্দ্র রায়ারেড্ডিকে তার ইচ্ছা অনুযায়ী ইসলাম গ্রহণ করে যেখানে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ, সেই মক্কায় গিয়ে বসবাস করারও আহ্বান জানান।
তথ্যসূত্র: স্টার নিউজ