বাংলাদেশের পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে বহিষ্কারের নির্দেশ দুবাইয়ের

Share

দুবাইভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান—যাকে বাংলাদেশের পুলিশ ঢাকায় এক পুলিশ পরিদর্শক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম হিসেবে শনাক্ত করেছে—তাঁর বিরুদ্ধে প্রতারণার সাজা ও বহিষ্কারের (ডিপোর্টেশন) আদেশ বহাল রেখেছেন দুবাইয়ের একটি আপিল আদালত।

২০২৬ সালের ২৮ এপ্রিল আপিল আদালত ১০ লাখ ৯৭ হাজার আমিরাতি দিরহাম (প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা সমমূল্যের) মূল্যের একটি প্রতারণামূলক স্বর্ণ লেনদেনের ঘটনায় দণ্ডিত চার ব্যক্তির আপিল খারিজ করে দেন।

আদালত তাঁদের তিন বছরের জন্য স্থগিত থাকা তিন মাসের কারাদণ্ড বহাল রাখেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

‘ডেইলি ওয়াদা’-র হাতে আসা দুবাই আদালতের ৩৪ পৃষ্ঠার আরবি নথিতে আপিলের রায়, শুনানির কার্যবিবরণী, আসামিপক্ষের ১১ পৃষ্ঠার আত্মপক্ষ সমর্থনমূলক স্মারকলিপি, নোটারাইজড আর্থিক আপসনামা এবং আসামিদের পরিচয়পত্রের অনুলিপি রয়েছে।

নথিতে চতুর্থ আসামি হিসেবে ‘আরাভ খান জাকির খান’ নামে এক ভারতীয় নাগরিকের পরিচয় উল্লেখ করা হয়েছে।

তাঁর পাসপোর্টের তথ্যের সঙ্গে বাংলাদেশে পূর্বে প্রকাশিত এবং পুলিশের পক্ষ থেকে রবিউল ইসলামের বলে উল্লেখ করা তথ্যের মিল রয়েছে। ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যার পর রবিউল দেশ ছেড়ে পালিয়ে যান।

তবে দুবাই আদালতের রায়ে রবিউলের বাংলাদেশি পরিচয়, তাঁর হত্যা মামলার সাজা কিংবা তাঁর বিরুদ্ধে জারি করা ইন্টারপোলের রেড নোটিশের কোনো উল্লেখ নেই।

নথিপত্রে আরও দেখা যায়, ইন্টারপোলের রেড নোটিশ জারির দুই বছরেরও বেশি সময় পর এবং ঢাকায় হত্যা মামলায় দণ্ডিত হওয়ার তিন মাস পর—২০২৫ সালের জুলাই মাসে আরাভ আমিরাতের নতুন রেসিডেন্স আইডি কার্ড পান।

১১ লাখ দিরহামের স্বর্ণ প্রতারণা

২০২৫ সালের ১১ অক্টোবর দুবাইয়ের গোল্ড সুকে মালাবার গোল্ডের পেছনে অবস্থিত ‘সারকো জুয়েলারি’ নামক একটি প্রতিষ্ঠানে একজন নিয়মিত ক্রেতা আসেন এবং তাঁর নিয়োগকর্তার পক্ষ থেকে চার কেজি স্বর্ণ বিক্রির প্রস্তাব দেন।

দোকানের ব্যবস্থাপক মোহাম্মদ ইজাজ ওই ক্রেতাকে প্রায় চার মাস ধরে চিনতেন। তাঁরা ১০ লাখ ৯৭ হাজার দিরহামে স্বর্ণের দাম চূড়ান্ত করেন।

ইজাজ দোকানের ক্যাশ বক্স থেকে টাকা বের করে একটি খামে ভরেন এবং লেনদেন সম্পন্ন করার জন্য ওই ক্রেতার সঙ্গে দুজন কর্মচারীকে পাঠান।

কর্মচারীদের বানিয়াস স্কয়ারের শেখা মারিয়াম ভবনের একটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তিন ব্যক্তি তাঁদের অভ্যর্থনা জানান। একজন নিজেকে ব্যবস্থাপক হিসেবে পরিচয় দেন, আরেকজন লেনদেনের দর-কষাকষি করেন এবং তৃতীয় ব্যক্তি নগদ অর্থ গ্রহণ করেন।

এরপর তাঁদের মধ্যে দুজন স্বর্ণ আনার কথা বলে কার্যালয় থেকে বেরিয়ে যান। ব্যবস্থাপক পরিচয় দেওয়া ব্যক্তিটিও চলে যান।

টাকা হস্তান্তরের প্রায় এক ঘণ্টা পর কর্মচারীরা ইজাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁদের পুলিশে খবর দিতে বলেন।

নায়েফ থানা পুলিশ ২০২৫ সালের ৩০৯০ নম্বর রিপোর্ট হিসেবে অভিযোগটি নথিভুক্ত করে। পরবর্তী সময়ে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়।

২০২৬ সালের ১৬ মার্চ দুবাইয়ের একটি নিম্ন আদালত (মিসডিমিনার কোর্ট) চারজনকেই দোষী সাব্যস্ত করেন।

আপিলের রায়ে একটি সুসংগঠিত অপরাধের বিবরণ উঠে এসেছে, যেখানে প্রত্যেক আসামি আলাদা আলাদা ভূমিকা পালন করেছিলেন।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, আরাভ একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে এই বিক্রির প্রস্তাব সাজিয়েছিলেন এবং কোথায় লেনদেন হবে তা নির্ধারণ করেছিলেন। রায়ে তাঁর দায়িত্ব হিসেবে ‘প্রলুব্ধ করা, যোগাযোগ ও সমন্বয় সাধন’ এবং অর্থ সংগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি নাগরিক দেবাশীষ চৌধুরী কার্যালয়টির ব্যবস্থা করেছিলেন, ক্রেতাদের অভ্যর্থনা জানিয়েছিলেন এবং নিজেকে ব্যবস্থাপক হিসেবে উপস্থাপন করেছিলেন।

আরেক বাংলাদেশি মোহাম্মদ রেজা আলম লেনদেনের বিষয়ে দর-কষাকষি করেছিলেন এবং ভারতীয় নাগরিক সুমিত বাইনসলা দেবরাজ নগদ অর্থ গ্রহণ করেছিলেন।

রায়ে বলা হয়েছে, এরপর চারজন দুবাইয়ের আল মিজহার এলাকায় আরাভের বাসভবনে একত্রিত হন এবং সেখানে অর্থ ভাগ করে নেন।

গ্রেপ্তারের সময় পুলিশ দেবাশীষের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার দিরহাম উদ্ধার করে, যা আত্মসাৎকৃত অর্থের প্রায় ২২ শতাংশ।

ইজাজের সাক্ষ্য, চারজন সাক্ষীর জবানবন্দি, শনাক্তকরণ প্যারেড, ফরেনসিক প্রতিবেদন এবং প্রসিকিউটরদের সামনে দেবাশীষ ও সুমিতের দেওয়া বিস্তারিত স্বীকারোক্তির ভিত্তিতে এই সাজা দেওয়া হয়।

২১ এপ্রিল আরাভ তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে সশরীরে আপিল আদালতে হাজির হন। দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসাবাদের সময় তিনি অভিযোগ অস্বীকার করেন।

বিচারকরা আসামিদের এই অস্বীকৃতিকে প্রমাণহীন ‘নিছক বক্তব্য’ হিসেবে অভিহিত করে খারিজ করে দেন।

ভারতীয় পাসপোর্ট ও বাংলাদেশে হত্যা মামলার সাজা

২০২৩ সালের মার্চে দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে নিজের স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনের সময় বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন তারকার উপস্থিতির কারণে আরাভ বাংলাদেশে জনসমক্ষে আলোচনায় আসেন।

পরবর্তী সময়ে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ব্যবসায়ীকে গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম হিসেবে শনাক্ত করে, যিনি পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় ওয়ান্টেড ছিলেন।

২০১৮ সালের জুলাইয়ে ঢাকার বনানীর একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মামুনকে হত্যা করা হয়। পরদিন গাজীপুরের একটি জঙ্গল থেকে তাঁর পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ পুলিশের তথ্যমতে, রবিউল ভারতে পালিয়ে গিয়ে আরাভ খান নাম ধারণ করেন, ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন এবং পরে দুবাইয়ে পাড়ি জমান।

ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

২০২৩ সালের মে মাসে ঢাকার একটি ট্রাইব্যুনাল অস্ত্র মামলায় রবিউলকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর ২০২৫ সালের ১৭ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামুন হত্যা মামলায় রবিউলসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রবিউলের অনুপস্থিতিতেই এই বিচারকার্য সম্পন্ন হয়।

তিনি এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন। ২০২৩ সালের মার্চে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, তাঁর বনানীর কার্যালয়ে তাঁর অনুপস্থিতিতে হত্যাকাণ্ডটি ঘটেছিল। ন্যায়বিচারের নিশ্চয়তা পেলে তিনি বাংলাদেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে সময় জানিয়েছিল যে, তাঁর পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে, তাঁর ভারতীয় নাগরিকত্বের নথিপত্র তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।

সে বছর এক ফেসবুক বিবৃতিতে আরাভ দাবি করেছিলেন যে, ইন্টারপোলের রেড নোটিশের কারণে তাঁকে দুবাইয়ে আটক করা হয়েছিল এবং তিনি এক মাস সাত দিন হেফাজতে ছিলেন।

ডেইলি ওয়াদা-র হাতে আসা নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে তাঁর পরবর্তী আইনি ও আবাসিক অবস্থানের প্রমাণ দেয়।

দুবাই আদালতের নথিতে সংযুক্ত তাঁর ভারতীয় পাসপোর্টের অনুলিপিতে দেখা যায়, এটি ২০২০ সালের ২৮ জুলাই কলকাতা থেকে ইস্যু করা হয়েছিল।

এতে তাঁর জন্মতারিখ ১৯৯৩ সালের ৩১ জুলাই এবং জন্মস্থান পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর উল্লেখ রয়েছে। তাঁর বাবার নাম জাকির খান, মায়ের নাম রেহানা বিবি খান এবং স্ত্রীর নাম সাজিমা নাসরিন বলে উল্লেখ করা হয়েছে।

এই ব্যক্তিগত তথ্য ও পাসপোর্ট নম্বর ২০২৩ সালের মার্চে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত সেই ভারতীয় পাসপোর্টের সঙ্গে হুবহু মিলে যায়, যা পুলিশ রবিউলের বলে উল্লেখ করেছিল।

আদালতের নথিতে ‘আরাভ খান জাকির খান’ নামে ইস্যু করা সংযুক্ত আরব আমিরাতের একটি রেসিডেন্ট আইডি কার্ডও রয়েছে, যেখানে তাঁর পেশা হিসেবে ‘বিনিয়োগকারী’ (ইনভেস্টর) উল্লেখ করা হয়েছে।

কার্ডটি ২০২৫ সালের ২৬ জুলাই দুবাই থেকে ইস্যু করা হয়েছিল এবং এর মেয়াদ ২০২৭ সালের ২৫ জুলাই পর্যন্ত।

কার্ডটি ইস্যু করার সময় ইন্টারপোলের রেড নোটিশ জারির দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছিল এবং বাংলাদেশে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছিল তিন মাস আগে।

রেসিডেন্স কার্ডটি ইস্যু করার ৭৭ দিন পর স্বর্ণ প্রতারণার এই ঘটনা ঘটে।

আমিরাতি কর্তৃপক্ষ আরাভের বাংলাদেশি পরিচয় বা ঢাকায় তাঁর ফৌজদারি দণ্ডের বিষয়ে অবগত ছিল কি না, তা দুবাইয়ের আপিল রায় কিংবা এর সঙ্গে থাকা নথিপত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

অর্থ ফেরত, বহিষ্কার ও অনিশ্চিত গন্তব্য

২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি—প্রাথমিক রায়ের ১৮ দিন আগে—ইজাজ এবং তাঁর এক সহকর্মী দুবাইয়ের একজন প্রাইভেট নোটারির সামনে একটি দাবি পরিত্যাগপত্রে (ওয়েভার) স্বাক্ষর করেন।

নথিতে উল্লেখ রয়েছে যে, তাঁরা ১১ লাখ দিরহাম বুঝে পেয়েছেন এবং চার আসামিকেই তাঁদের দাবি থেকে ‘চূড়ান্ত ও অপরিবর্তনীয়ভাবে’ অব্যাহতি দিতে সম্মত হয়েছেন।

আসামিপক্ষের স্মারকলিপি অনুযায়ী, আসামিরা নোটারি ফিসহ পুরো অর্থ ফেরত দিয়েছেন।

এই আপসনামার উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী সাঈদ আল হাশমি আপিল আদালতের কাছে আরাভ ও সুমিতের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম বাতিল করা অথবা বিকল্প হিসেবে বিচারিক নমনীয়তা প্রদর্শনের আবেদন জানান।

আইনজীবী যুক্তি দেন যে, সংযুক্ত আরব আমিরাতে তাঁর মক্কেলদের বাড়িঘর, বাবা-মা ও নির্ভরশীল পরিবারের সদস্য রয়েছে এবং তাঁরা কোনো ‘অসৎ উদ্দেশ্য’ থেকে এই কাজ করেননি।

স্মারকলিপিতে অভিযুক্তকে ‘তাঁর ছোট পরিবার এবং বৃহত্তর পরিবারের জন্য একজন আদর্শ (রোল মডেল)’ হিসেবে বর্ণনা করা হয়।

আপিল আদালত ফৌজদারি কার্যক্রম বাতিলের আবেদন নাকচ করে রায় দেন যে, আমিরাতের আইন অনুযায়ী প্রতারণা এমন কোনো অপরাধ নয় যা ব্যক্তিগত আপসের মাধ্যমে নিষ্পত্তি করা যায়।

অর্থ ফেরত দেওয়ার বিষয়টি সাজা কমানোর ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে, তবে তা ফৌজদারি অপরাধের দণ্ডকে বাতিল করে না।

আসামিদের বিদেশি নাগরিকত্ব এবং অপরাধের ‘গুরুত্ব ও ভয়াবহতা’ উল্লেখ করে আদালত বহিষ্কারের আদেশের বিরুদ্ধে করা চ্যালেঞ্জও খারিজ করে দেন।

আদালত তিন মাসের কারাদণ্ড, তিন বছরের জন্য তা স্থগিত রাখা এবং বহিষ্কারের আদেশ বহাল রাখেন।

বহিষ্কারের আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে কি না অথবা আসামিদের কেউ পরবর্তীতে দুবাইয়ের সর্বোচ্চ আদালতে (কোর্ট অব ক্যাসেশন) আপিল করেছেন কি না, তা আদালতের নথি থেকে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া আরাভকে কোন দেশে বহিষ্কার করা হবে, সে বিষয়েও নথিতে কোনো ইঙ্গিত নেই।

তাঁর ভারতীয় পাসপোর্ট থাকার কারণে তাঁকে বাংলাদেশের পরিবর্তে ভারতে ফেরত পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার করা হলেই তা সরাসরি বাংলাদেশে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) হিসেবে গণ্য হবে না।

নথিপত্রে আরও বেশ কিছু অমীমাংসিত অসংগতি রয়েছে।

অভিযোগপত্রে অপরাধ সংঘটনের তারিখ ২০২৫ সালের ১৩ অক্টোবর উল্লেখ করা হলেও আদালতের পর্যবেক্ষণে লেনদেনটি ১১ অক্টোবর হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

আসামিপক্ষ আরও যুক্তি দিয়েছিল যে, সিসিটিভি ফুটেজ অনুযায়ী সুমিত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে রায়ে উল্লেখ করা হয়েছে যে, তিনি প্রসিকিউটরদের সামনে অপরাধ স্বীকার করেছেন।

ডেইলি ওয়াদা থেকে অনূদিত