খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভার শোকপ্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে

Share

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। গত ২ জুন তাঁর মৃত্যুর পর বিধানসভায় গৃহীত শোকপ্রস্তাবের আনুষ্ঠানিক অনুলিপি ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সুমেন্দ্রনাথ দাস স্বাক্ষরিত চিঠিতে শোকপ্রস্তাবের অংশবিশেষ পাঠানো হয়। বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে ঢাকাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে, যাতে এটি মরহুমার নিকটাত্মীয়দের কাছে পৌঁছে দেওয়া হয়।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে স্পিকার রথীন্দ্রনাথ বসু শোকবার্তায় বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।

স্পিকার উল্লেখ করেন, ১৯৪৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি দিনাজপুর মিশনারি স্কুল, দিনাজপুর গার্লস স্কুল এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৮১ সালে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। ১৯৮২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

স্পিকার আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চারটি সাধারণ নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে তিনি তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাবশালী এই নেত্রী গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নেও কাজ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

শোকপ্রস্তাব পাঠের পর বিধানসভার সদস্যরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে প্রধান সচিবকে শোকবার্তা পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দিয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।