সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যা: আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

Share

সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশু জান্নাতুল নেসা ইরা মনিকে হত্যার দায়ে আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

অপহরণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ধর্ষণচেষ্টার দায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মোট আড়াই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও আড়াই বছরের কারাদণ্ড আরোপ করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ বাবু শেখ চকলেট কিনে দেওয়ার প্রলোভনে ইরা মনিকে বাড়ি থেকে বের করে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে তিনি ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে খাদে ফেলে রেখে যান। গুরুতর আহত অবস্থায় শিশুটি পাহাড় থেকে উঠে সড়কে পৌঁছালে রাস্তা নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করেন। পরে ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মাত্র ১৩ কার্যদিবসে বিচার সম্পন্ন করে এই রায় দেওয়া হয়েছে। সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সারওয়ার হোসেন লভেলু রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।