ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনায়, জানাল ভারত

Share

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার পাঠানো অনুরোধ ভারতের সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার দিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের কাছে প্রত্যর্পণের একটি অনুরোধ এসেছে এবং সেটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।

ব্রিফিংয়ে সাংবাদিকেরা জানতে চান, শেখ হাসিনা ও অন্য কয়েকজন অভিযুক্তকে ফেরত চেয়ে বাংলাদেশ সম্প্রতি আবারও ভারতের সঙ্গে যোগাযোগ করেছে কি না। একই সঙ্গে শেখ হাসিনার ঘোষিত দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়েও দুই দেশের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না—এ বিষয়েও প্রশ্ন ওঠে।

জবাবে রণধীর জয়সোয়াল আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ভারতের কাছে পাওয়া প্রত্যর্পণের অনুরোধটি আইনগত প্রক্রিয়া অনুসারে যাচাই করা হচ্ছে এবং এ বিষয়ে নির্ধারিত নিয়ম মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

একই ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাঠানো আরেকটি প্রত্যর্পণ অনুরোধ সম্পর্কেও প্রশ্ন করা হয়। সাংবাদিকদের দাবি, বাংলাদেশ একজন অভিযুক্তকে ফেরত চেয়ে প্রয়োজনীয় নথি ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের আগে এক রাজনীতিককে হত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, নির্দিষ্ট ওই ঘটনার বিষয়ে তাঁর কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় উল্লেখ করেন, প্রত্যর্পণের প্রতিটি আবেদন সংশ্লিষ্ট আইন, দ্বিপক্ষীয় চুক্তি এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হয়।