গত সপ্তাহে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থিত আইডিএফ ইকো রিসোর্ট পরিদর্শনের সময় প্রথমবারের মতো গোলমরিচ গাছের দেখা পাই। গোলমরিচ বাংলাদেশে বহুল ব্যবহৃত মসলাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মসলা। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। দেশে গোলমরিচের চাহিদা থাকলেও উৎপাদন খুবই সীমিত। ফলে চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে মেটাতে হয়। অথচ দেশের পাহাড়ি ও উঁচু জমিতে গোলমরিচ চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন তথ্য অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ১,৫০০ মেট্রিক টন গোলমরিচের চাহিদা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা। আন্তর্জাতিক বাণিজ্য তথ্য বিশ্লেষণকারী সংস্থা OEC-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ প্রায় ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার মূল্যের Pepper শ্রেণিভুক্ত মসলা আমদানি করেছে। তবে এ শ্রেণিতে গোলমরিচ ছাড়াও অন্যান্য মসলা অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ মূলত ভারত, চীন, ভিয়েতনাম ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে গোলমরিচ আমদানি করে।
গবেষণায় দেখা গেছে, অনুকূল পরিবেশে একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে প্রায় ১.২৫–১.৫০ কেজি শুকনো গোলমরিচ পাওয়া যায়। এক একর জমিতে গোলমরিচ চাষের ক্ষেত্রে জমির পরিচর্যা, সার ও কীটনাশক বাবদ বছরে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হতে পারে। সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে চাষ শুরুর পাঁচ বছর পর থেকে বছরে প্রায় ৪ লাখ টাকার গোলমরিচ এবং ৩ লাখ টাকার চারা বিক্রির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, এক একর জমি থেকে বছরে প্রায় ৭ লাখ টাকা আয় করা সম্ভব। অনুকূল পরিবেশ ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে গোলমরিচ গাছ থেকে প্রায় ২৫ বছর পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
গোল মরিচ চাষে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে গোলমরিচের বাণিজ্যিক চাষ এখনো তেমন বিস্তার লাভ করেনি। মানসম্মত চারার সংকট, আধুনিক চাষপদ্ধতি ও রোগবালাই দমন সম্পর্কে কৃষকের পর্যাপ্ত জ্ঞানের অভাব, সেচ ও জলাবদ্ধতার সমস্যা, ফলন পেতে দীর্ঘ সময় লাগা এবং বাজারজাতকরণের দুর্বলতা এর প্রধান কারণ। এসব সমস্যা সমাধান করা গেলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের উপযোগী এলাকায় বাড়ির আঙিনা, ফলবাগান ও মিশ্র বাগানে গোলমরিচ চাষ সম্প্রসারণ করা সম্ভব।
ইতোমধ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তার সহযোগী সংস্থা আইডিএফ ও অপকার মাধ্যমে রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গোলমরিচ চাষের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগকে আরও বিস্তৃত ও টেকসই করতে সরকারি-বেসরকারি সমন্বয়ে গোলমরিচের বাণিজ্যিক চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
গোলমরিচ চাষ বাংলাদেশের কৃষিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। পরিকল্পিত উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কারিগরি সহায়তা এবং কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা গেলে এ ফসলের মাধ্যমে আমদানিনির্ভরতা হ্রাসের পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।
তিনতন্ত্র / মজনু সরকার