কবর: এক ট্রানজিট লাউঞ্জ

Share

ট্রানজিট লাউঞ্জ- পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি গা ছমছম করা অন্ধকার, মাথার ওপর পুরোনো ফ্যানের ক্যাঁচক্যাঁচ শব্দ আর চারপাশে সুনসান নীরবতা। সেই নিস্তব্ধতায় হঠাৎ মনে পড়ে যায় শ্বশুরের কথা। ২০২২ সালের এমনই এক গভীর রাতে করোনায় আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান।

সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাঁর নিথর দেহটি সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে বাড়ির বাইরে খাটিয়ার ওপর রাখা ছিল। ঘরের ভেতরে স্বজনদের কান্নার মাতম, আর বাইরে অবিরাম বৃষ্টিতে ভিজছিল তাঁর দেহটা। অথচ সামান্য ঠান্ডা লাগার ভয়ে মানুষটি কখনো বৃষ্টিতে ভিজতেন না।

পরিবারের কাছ থেকে দূরে থাকতে হবে বলে সিরাজগঞ্জের বাইরে কখনো চাকরিও করেননি। যাঁর ডাকে একসময় সবাই বাড়ির গেট খুলতে ছুটে যেতেন, যাঁর বিছানা গুছিয়ে রাখতে সবাই ব্যতিব্যস্ত হতেন, সেদিন সেই মানুষটিই বড্ড একাকী বাড়ির বাইরে পড়ে ছিলেন। অথচ তাঁর নিজের গড়া বাড়িটির গেট পর্যন্ত কেউ খোলার প্রয়োজন মনে করেনি। শেষ পর্যন্ত সারা রাত ফ্রিজার ভ্যানের হিমশীতল কক্ষে তাঁর দেহটি পড়ে ছিল। অথচ জীবদ্দশায় তিনি এসির ঠান্ডা পর্যন্ত পছন্দ করতেন না।
পরদিন তাঁকে কবরে রেখে এসে দেখি, তাঁর ব্যবহৃত জিনিসপত্র অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে। নিজের হাতে গড়া বাড়ি, শখের ঘর, প্রিয় বিছানা-সবকিছুই ধীরে ধীরে অন্যদের ব্যবহারে চলে যাচ্ছে।

সেদিন উপলব্ধি করলাম, পৃথিবীতে আমাদের অবস্থান কতটা ক্ষণস্থায়ী এবং এই দেহটাই বা মূল্য কতটুকু। জীবদ্দশায় যে মানুষটি ছিলেন পরিবারের কেন্দ্রবিন্দু, যার শরীরটা ছিল সবার কাছে অমূল্য। অথচ আজ সেই দেহটার কোনো মূল্য নেই। এক ঘণ্টার জন্যও তাঁকে তার আপন বিছানায় ঠাঁই দেওয়া হচ্ছে না; বড্ড একাকী পড়ে রয়েছেন ঘরের বাহিরে। তাঁর অনুপস্থিতির সঙ্গেও সবাই ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।

আমার বাবা-মাও এভাবেই একদিন চলে যায়। যাঁদের ছাড়া একটা সময় এই পৃথিবী কল্পনাও করতে পারতাম না, আজ তাঁদের ছাড়াই দিব্যি বেঁচে আছি। একদিন আমার প্রিয়জনেরাও আমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। এটাই জীবনের নির্মম সত্য।

সেই রাতের কদিন পরে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে দেখি, একই কবরস্থানে, একই কাতারে, একই মাটির বিছানায় এলাকার কত নামীদামি, কত ছোট-বড়, কত প্রভাবশালী মানুষ শুয়ে আছেন। তাদের কবরগুলো বুনো ঘাস, লতাপাতা আর গাছগাছালিতে ভরে গেছে। তখন কবরগুলো দেখে মনে হলো, কবরস্থান হলো এক দীর্ঘ যাত্রার মাঝপথে একটি ট্রানজিট লাউঞ্জ মাত্র। যেখানে শেষ গন্তব্যে পৌঁছার আগে কিছু সময়ের জন্য মানুষ অবস্থান করে।

যেমনটি আমরা কোনো এক দূরের গন্তব্যের দেশে যাওয়ার পথে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে কিছু সময় অপেক্ষা করি, কবরও তেমনই এক সাময়িক যাত্রাবিরতির স্থান। এখানে কেউ আগে এসেছেন, কেউ পরে। কেউ বিত্তবান, কেউ নিঃস্ব। অথচ আজ সবাই পাশাপাশি শুয়ে আছেন। কারও পদমর্যাদা নেই, ক্ষমতার দাপট নেই। সবাই অপেক্ষায় আছেন পরবর্তী যাত্রার-পুনরুত্থান ও শেষ বিচারের দিনের।

এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন—
“প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও।” (সূরা আত-তাকাসুর, ১০২:১–২)

অথচ আমরা প্রতিনিয়ত ছুটছি আরও সম্পদ, বড় বাড়ি, দামি গাড়ি, পদ-পদবি আর সামাজিক মর্যাদার পেছনে। ভুলে যাচ্ছি, একদিন এসবের কিছুই সঙ্গে যাবে না। শ্বশুর ও মায়ের মৃত্যুর দিনে তা-ই প্রত্যক্ষ করেছিলাম।
শ্বশুরের সেই বৃষ্টিভেজা রাত, বাবার মৃত্যুসংবাদ আর মায়ের আকস্মিক চলে যাওয়ার স্মৃতি আজও আমাকে তাড়া করে। ভাবি, যাঁদের সামান্য কষ্টে আমরা এক সময় অস্থির হয়ে উঠতাম, আজ তাঁদেরই অন্ধকার কবরে একাকী রেখে এসে আজ স্বাভাবিক জীবনে ফিরে গেছি। একদিন আমাকেও এভাবেই রেখে আসবে সবাই এবং সময়ের ব‍্যস্ততায় ভুলে যাবে।

সেই গভীর রাতে শ্বশুরবাড়ির অন্ধকার ঘরে শুয়ে মনে হচ্ছিল, আমিও ধীরে ধীরে সেই ট্রানজিট লাউঞ্জের দিকেই এগিয়ে যাচ্ছি। শুধু জানি না, আমার যাত্রার ডাক কখন আসবে। তখন নিজের অজান্তেই মনে একটি প্রশ্ন জাগে-
আমি কি সারা জীবন শুধু এই ক্ষণস্থায়ী পৃথিবীর ঘরটাই সাজিয়ে যাচ্ছি, নাকি ট্রানজিট লাউঞ্জের অপেক্ষা শেষে চূড়ান্ত গন্তব্যে পৌঁছার প্রস্তুতি নিতে ভুলে যাচ্ছি?

মজনু সরকার
২৭ অক্টোবর ২০২৬
ক্ষণিকালয়, ঢাকা