শিক্ষা ডেস্ক: সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
মঙ্গলবার প্রকাশিত ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় আসবে। বরাবরের মতো এবারও ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান করা হবে এবং ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য ও মেধার ভিত্তিতে আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।
আবেদন ফরমে নতুন সংযোজন এবারের সংশোধিত পাঁচ পৃষ্ঠার আবেদন ফরমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকের মৌলিক তথ্যের পাশাপাশি পরিবারের প্রকৃত আর্থিক চিত্র যাচাইয়ে মোট ৩০ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে বিশেষভাবে যুক্ত করা হয়েছে—পরিবারে কোনো ‘জুলাইযোদ্ধা’ বা বীর মুক্তিযোদ্ধা আছেন কি না, সেই সংক্রান্ত তথ্য। এ ছাড়া পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা সরকারের অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়ার তথ্যও বাধ্যতামূলকভাবে দিতে হবে।
যা যা তথ্য দিতে হবে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারে (এইচএসপি-এমআইএস) এন্ট্রির জন্য শিক্ষার্থীদের যেসব তথ্য প্রস্তুত রাখতে হবে:
- শিক্ষার্থীর নাম, ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ও শিক্ষা বোর্ডের নিবন্ধন নম্বর।
- মা-বাবার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও পেশার বিবরণ।
- পরিবারের বার্ষিক আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও স্যানিটেশন (টয়লেট) ব্যবস্থার ধরন এবং বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর তালিকা।
আগ্রহী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে সংশোধিত আবেদন ফরমটি সংগ্রহ করতে পারবে। এ ছাড়া দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়েও ফরমটি পাঠানো হয়েছে।