নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। ছবি: সিএমজি

চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় নেপাল

Share

চীন সফর শেষে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিসহ নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। গত ১৪ থেকে ১৭ জুন চীন সফরকালে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক বছরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে নেপালের বহু খাতে চীনের সহায়তা ও উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারিত হয়েছে, যার মধ্যে অবকাঠামো নির্মাণ খাতই দুই দেশের সহযোগিতার মূল ও দীর্ঘমেয়াদি ভিত্তি। আগামী দিনে এই খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অবকাঠামোর পাশাপাশি দুই দেশের ‘ছোট ও সুন্দর’ শীর্ষক সহযোগিতামূলক প্রকল্পগুলোরও প্রশংসা করেন শিশির খানাল। তিনি জানান, চীনের সহায়তায় নির্মিত হাসপাতাল, চিকিৎসাসেবাকেন্দ্র ও স্কুলভবন নেপালের গ্রামাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে।

প্রযুক্তি খাতে চীনের অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রে চীনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে নেপাল উপকৃত হতে চায়। একই সঙ্গে চীনের সহায়তায় নিজস্ব প্রযুক্তি খাতে স্বাধীন উন্নয়ন ও সক্ষমতা অর্জনের আশাও ব্যক্ত করেন নেপালি পররাষ্ট্রমন্ত্রী।