মেজর (অব.) মোজাফফর হোসেন

৪৫ বছর পালিয়ে থাকার পর যেভাবে ধরা পড়লেন জিয়া হত্যাকাণ্ডের অভিযুক্ত মোজাফফর

Share

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মুঠোফোনের ফরেনসিক বিশ্লেষণ থেকে সূত্র পেয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে (৭৭) শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মাসুদ উদ্দিনকে গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর মামলার তদন্তের অংশ হিসেবে তাঁর মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই রেকর্ড ঘেঁটে দেখা যায়, ২০২৩ সাল থেকে রাজধানীর বনানী ও মিরপুর ডিওএইচএসের একই অবস্থান থেকে একাধিক নম্বরে এক ব্যক্তি মাসুদ উদ্দিনের সঙ্গে অল্প সময়ের জন্য কথা বলতেন এবং খুদেবার্তা আদান-প্রদান করতেন। পরে জানা যায়, ব্যবহৃত সিমগুলো ভুয়া নামে নিবন্ধিত ছিল।

সেই ব্যক্তির প্রকৃত পরিচয় নিজেরা শনাক্ত করতে না পেরে সন্দেহজনক নম্বরগুলো পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেয় তদন্ত সংস্থা। এরপর নিজস্ব অনুসন্ধান চালিয়ে পুলিশ শনাক্ত করে, নম্বরগুলোর ব্যবহারকারী আর কেউ নন—জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন পলাতক মোজাফফর। এই সূত্র ধরে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, প্রকৃতপক্ষে মোজাফফরকে শনাক্তের মূল কাজটি পুলিশই করেছে, তদন্ত সংস্থা কেবল সন্দেহজনক নম্বরগুলো তাদের হাতে তুলে দিয়েছিল।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন সশস্ত্র অবস্থায় সার্কিট হাউসে উপস্থিত থাকা কর্মকর্তাদের একজন ছিলেন মোজাফফর এবং জিয়াকে হত্যার মুহূর্তেও তিনি কাছাকাছি ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং তাঁকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।