প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস

‘বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব’—নওগাঁ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধনে শিক্ষামন্ত্রী

Share

বাংলাদেশকে বিশ্বের একটি আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এক সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসত, কিন্তু বর্তমানে চিত্রটি উল্টে গিয়ে দেশের শিক্ষার্থীরাই বিদেশমুখী হচ্ছে। এই পরিস্থিতি পাল্টে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি, যাতে বিদেশি শিক্ষার্থীরা আবারও এ দেশে পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে।

বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে মন্ত্রী বলেন, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা ইতিমধ্যে ভালো ফলাফল ও সুনাম অর্জন করেছেন। দেশের বিপুল জনসম্পদকে কাজে লাগিয়ে জাতি গঠনের সম্ভাবনা বাস্তবায়নে জনশক্তিকে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ বিষয় নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কোনো অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই অঞ্চলের চাহিদার দিকেও নজর দিতে হয়। নওগাঁ অঞ্চলে যেহেতু ব্যাপক পরিমাণে আম ও অন্যান্য ফসল উৎপাদিত হয়, তাই ভবিষ্যতে এখানে ফুড টেকনোলজির মতো বিষয় সংযুক্ত করার প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।