চেক জালিয়াতি সংক্রান্ত এক মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্রের বিরুদ্ধে দেওয়া এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত।
মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হলে বিচারক ফারহানা আরজু পূর্বে ঘোষিত সাজার রায় কার্যকরের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন হরিদাস চন্দ্র। বিচার শেষে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেন। তবে দীর্ঘদিন পলাতক থাকার কারণে সেই সময় রায়টি কার্যকর করা যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১২ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি অর্থ পাচার মামলায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।