গ্রেপ্তার এনসিপি নেতা আফতাব মজুমদার। ছবি: সংগৃহীত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগ, কলেজছাত্রীর মামলায় চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

Share

বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার ভিত্তিতে বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে এবং পরে থানায় হস্তান্তর করে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে এক বেসরকারি কলেজের শিক্ষার্থীর পরিচয় হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আফতাব ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এর পরই ওই তরুণী আইনের আশ্রয় নেন।

অভিযোগের বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, বিষয়টি দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।