কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদরাসা সূত্রে জানা যায়, সুপার সাইদুর রহমান জাল সনদের মাধ্যমে প্রতিষ্ঠানে একজন শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। এই অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করলে আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তবে তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, আর সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মামলায় ওয়ারেন্ট জারি হওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জানা গেছে, নিজের অনিয়ম আড়াল করতে তিনি একটি পত্রিকার সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন।