রাজধানীর মিরপুরের ১৩ নম্বর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।