রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকায় এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এতে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে রাখা বোমা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে এবং পরে বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিষ্ক্রিয় করে। এ সময় স্প্লিন্টারের আঘাতে এক পথচারী আহত হন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মূল লক্ষ্য জনমনে ভীতি সঞ্চার করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সংকটের দিকে ঠেলে দেওয়া। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় সতর্ক থাকতে হবে, কেননা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। মেট্রোস্টেশনসহ দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান তিনি।
আহত পথচারীর প্রতি সমবেদনা জানিয়ে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি তিনি দাবি করেন, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করতে হবে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নাশকতার সাহস না পায়।
বক্তব্যের শেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি যেকোনো ধরনের উসকানি ও নাশকতার বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।