ছবি: সংগৃহীত

ঝিনাইদহে আখতার হোসেন: প্রশাসনকে দলদাসে পরিণত করছে বিএনপি

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, আগামী নির্বাচন নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনে দলীয় কর্মী বসাচ্ছে বিএনপি। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ মানুষের জায়গা, দলীয় লোক দিয়ে সেখানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আগামীতে ক্ষমতায় থাকার পথ এখন থেকেই তৈরি করছে বিএনপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনের প্রায় প্রতিটি জায়গায় নিজেদের দলীয় লোক বসিয়ে প্রশাসনকে দলদাসে পরিণত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য আখতার হোসেন। বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে মন্তব্য করে তিনি বলেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান একসঙ্গে বসবাসের, ন্যায়বিচার ও সবার সমান অধিকারের যে গণতান্ত্রিক বাংলাদেশ তাঁরা চেয়েছিলেন, বিএনপি তা নষ্ট করে দিচ্ছে। তিনি জানান, সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণই এনসিপির মূল লক্ষ্য।

সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নারীশক্তির মুখ্য সংগঠক মাহমুদা মিতুও। তিনি অভিযোগ করেন, বিএনপি কোথাও ছাত্রদল-যুবদলের চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। বেগম খালেদা জিয়ার আগের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের সরকার এলে সংবিধান বাতিলের যে প্রত্যাশা খালেদা জিয়া রেখে গিয়েছিলেন, তারেক রহমান তা পূরণ করেননি। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের নেতৃত্বে দেশ চলতে না দিতে চাইলে তরুণদের রাজনীতিতে আসতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষায় গঠিত এনসিপির পাশে দাঁড়াতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরেফিন কায়সার ও নাসির আল সামী।

এর আগে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি পদযাত্রা নিয়ে নেতারা পায়রা চত্বরের সভাস্থলে যোগ দেন। পথসভায় উপস্থিত ছিলেন শহীদ রাকিবের মা-বাবা ও শহীদ সাব্বিরের বাবা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের নিয়ে জুলাই স্মৃতিবিষয়ক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এনসিপি।