কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
এদিকে সংঘর্ষের কারণে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে, এগারোসিন্দুর প্রভাতী ভৈরব স্টেশনে এবং চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে আটকা রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, সংঘর্ষের কারণে ট্রেনগুলো সাময়িকভাবে নির্ধারিত স্টেশনগুলোতে আটকে রাখা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তথ্যসূত্র: স্টার নিউজ