অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পদ সৃষ্টির প্রস্তাব, প্রধানমন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও মাঠপর্যায়ে টহল জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, পাশাপাশি এর মাধ্যমে দেশের বেকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে একটি আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার কাজ চলছে এবং তারই অংশ হিসেবে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে আসা পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করে ছাড়পত্রের জন্য ইতিমধ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রুহুল আমিন জানান, নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর নিয়োগপ্রক্রিয়া শুরু করবে পুলিশ সদর দপ্তর।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন থানা গঠন এবং দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে পুলিশে বাড়তি জনবলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সাধারণত পদ সৃষ্টির অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যায়, তাই এই উদ্যোগ কত দ্রুত আমলাতান্ত্রিক প্রক্রিয়া পার হয়ে বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়।