ছবি: সংগৃহীত

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন এনসিপি নেতারা

Share

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছ

এনসিপি কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। তাঁদের সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্য নাভিদ নওরোজ শাহ।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়। এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়েছে। উভয় পক্ষ ইইউ, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ২২ জুলাই এনসিপির কার্যালয়ে এসে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্টও উপস্থিত ছিলেন, যেখানে সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল।