ছবি: সংগৃহীত

হাটহাজারীতে ইটভাটা ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, রক্ষা পেলেন অক্ষত অবস্থায়

Share

চট্টগ্রামের হাটহাজারীতে এক ইটভাটা ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া ও গুলি চালানোর ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকার চারা বটতলায়, চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আক্রান্ত ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ, যিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা এস এম শফির ছেলে। রাউজান এলাকায় তাঁর একাধিক ইটভাটা রয়েছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রাম নগরে ব্যবসায়িক কাজ সেরে নিজের এসইউভি (জিপ) চালিয়ে বাড়ি ফিরছিলেন শহীদুল্লাহ। ইছাপুর বাজারের চারা বটতলা এলাকা অতিক্রমের সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রথমে ইটপাটকেল ছুড়ে তাঁর গাড়ি থামানোর চেষ্টা চালায়, এরপর গাড়ি লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এস এম শহীদুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করেই সন্ত্রাসীরা তাঁকে বারবার লক্ষ্যবস্তু বানাচ্ছে। সম্প্রতি একাধিকবার তাঁর ওপর হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি, এমনকি তাঁর বাড়িতেও এর আগে হামলা চালানো হয়েছিল বলে জানান তিনি। দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে গাড়ির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, চলন্ত গাড়িতে গুলিবর্ষণের ঘটনাটি নিশ্চিত হয়েছে এবং ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি।