জুলাই সনদের চেতনা অনুসারেই হবে আইন সংস্কার: আইনমন্ত্রী আসাদুজ্জামান

Share

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের মূল চেতনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল এবং তার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল ভাবধারা অক্ষুণ্ণ রেখেই এসব আইনের চূড়ান্ত বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশি-বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সরকার একটি সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে, যা বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাতীয় রাজনীতি নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এনসিপি যেভাবে বক্তব্য দিচ্ছে, তা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে এনসিপি দেশের যেখানেই কর্মসূচি পালন করুক না কেন, বিএনপি তাদের সার্বিক সহযোগিতা করবে।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।