রাজধানীর আয়নাঘর সরেজমিন দেখলেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি

Share

ঢাকা, ১ আগস্ট: রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাব-১ সদর দপ্তরের ভেতরে থাকা গোপন বন্দিশালা ‘টাস্কফোর্স ফর ইন্টারোগেশন’ (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সরেজমিন পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারপতি।

শনিবার বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এতে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

পরিদর্শনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিমের একাধিক সদস্যও উপস্থিত ছিলেন। এদের মধ্যে রয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলাম। পাশাপাশি এ সময় আসামিপক্ষের নিযুক্ত আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

উল্লেখ্য, বিতর্কিত এই গোপন বন্দিশালা নিয়ে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসছে। ট্রাইব্যুনালের সরাসরি পরিদর্শন এই বিষয়ে চলমান তদন্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।