৬ মাস পর্যন্ত শুধু মাতৃদুগ্ধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Share

ঢাকা, ১ আগস্ট: নবজাতককে জন্মের পরপরই শালদুধ খাওয়ানো এবং জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মাতৃদুগ্ধ খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার রাজধানীর ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা, অল্প বয়সে বিয়ে এবং সঠিকভাবে মাতৃদুগ্ধ না দেওয়ার কারণেই শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। তিনি শুধু দিবসভিত্তিক আয়োজনেই সীমাবদ্ধ না থেকে সারাবছর গ্রাম পর্যায় পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেয়ার নির্দেশ দেন।

দেশের প্রতি প্রকৃত মমত্ববোধ থাকলে মায়েদের শপথ নিতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, কোনো শিশুকে যেন আল্লাহপ্রদত্ত এই নিয়ামত থেকে বঞ্চিত না করা হয়। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ, সবল ও কর্মক্ষম হয়ে গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। পুষ্টির অভাব, অল্পবয়সে বিয়ে ও যথাযথভাবে মাতৃদুগ্ধ না দেওয়ার কারণে হামসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো এবং ছয় মাস পর্যন্ত কেবল মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, তাই চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধে বেশি মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, গ্রামপর্যায়ে মাতৃদুগ্ধ বিষয়ে পর্যাপ্ত প্রচারণা চালানো হচ্ছে না। তিনি নির্দেশ দেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একটি জেলায় সেমিনার আয়োজন করে সিভিল সার্জন, জেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তাদের সম্পৃক্ত করে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।