কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

Share

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়ার বাবার নাম সফুর উদ্দিন। তার বাড়ি বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে । মিজান মিয়া ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার সুন্দর আলীর ছেলে শহীদুল্লাহ (৬৫) এবং তার ছেলে জীবন মিয়া। শহীদুল্লাহ বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, মিজান ও চাচা শহীদুল্লাহর মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে কয়েকবার দরবার হলেও অভিযুক্ত শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে মিজান রাস্তায় থাকা একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, শনিবার দুপুরে মিজান মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ বলা যাবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: ফেস দ্যা পিপল