চরমোনাই পীরের মন্তব্যের প্রতিবাদে বিজেআইএমের বিবৃতি: পোশাক কখনও গণমাধ্যমে প্রবেশাধিকারের শর্ত হতে পারে না’

Share

নারী সাংবাদিকদের পোশাক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বিজেআইএম (বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া)। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিবৃতিতে সংগঠনটি এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) বেশ কয়েকটি সংবাদ ক্লিপ পর্যালোচনা করে দেখা গেছে, নির্দিষ্ট কিছু অনুষ্ঠান কাভার করার সময় নারী সাংবাদিকদের কীভাবে পোশাক পরা উচিত, সে বিষয়ে মন্তব্য করেছেন ফয়জুল করীম।

সংগঠনটি জানায়, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের পোশাক নির্ধারণ করে দেয়ার যেকোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় তারা। কোনো সাংবাদিকের লিঙ্গ বা পোশাক কখনোই কোনো রাজনৈতিক অনুষ্ঠান, সংবাদ সম্মেলন বা গণমাধ্যমের জন্য উন্মুক্ত যেকোনো অনুষ্ঠানে প্রবেশাধিকারের শর্ত হতে পারে না বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো লিঙ্গ ও পরিচয়ের সাংবাদিকদের স্বাধীনভাবে, নিরাপদে এবং বৈষম্যহীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। লিঙ্গ, পরিচয়, বিশ্বাস বা পোশাকের কারণে কোনো সাংবাদিককে বাদ দেয়া, ভীতি প্রদর্শন বা অসম আচরণের শিকার হতে হবে না বলে জানায় সংগঠনটি।

বিজেআইএম উল্লেখ করে, একটি গণতান্ত্রিক সমাজ স্বাধীন ও বৈচিত্র্যময় গণমাধ্যমের ওপর নির্ভরশীল। সাংবাদিকদের প্রতিবেদন তৈরির সক্ষমতার ওপর লিঙ্গভিত্তিক শর্ত আরোপের প্রচেষ্টা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং জনজীবনে সমান অংশগ্রহণের নীতি—উভয়কেই ক্ষুণ্ণ করে।

সবশেষে সংগঠনটি সব রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও অনুষ্ঠান আয়োজকদের সাংবাদিকদের জন্য সমান ও নির্বিঘ্ন প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানায় এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় যেন প্রতিটি সাংবাদিক নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং বৈষম্যহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।