পাচারকৃত সম্পদ উদ্ধার ও শুল্ক-কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে পাচারকৃত যেসব সম্পদ বা ব্যাংক হিসাব আদালত কর্তৃক অবরুদ্ধ বা সংযুক্ত করা হয়েছে, সেগুলো থেকে সরকারের বকেয়া শুল্ক ও কর আদায়ের আইনি পদক্ষেপ নির্ধারণ এবং কার্যকর সুপারিশ প্রদানের লক্ষ্যে ৭ সদস্যের এই কমিটি গঠন করা হলো।
কমিটিতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলকে আহ্বায়ক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগ), দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের সিআইডির ডিআইজি (অর্গানাইজড ক্রাইম)।
কমিটি আদালত কর্তৃক ফ্রিজ বা অ্যাটাচ করা হিসাব থেকে পাচারকৃত সম্পদ ও বকেয়া শুল্ক-কর আদায়ে প্রয়োজনীয় আইনি জটিলতা নিরসন এবং করণীয় নির্ধারণে কার্যকর সুপারিশ প্রণয়ন করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সূত্র: স্টার নিউজ