মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের চেকপোস্ট থেকে ১০ জন ও জেলা সদরের অন্য দুই এলাকা থেকে ২১ জনসহ মোট ৩১ জনকে আটক করা হয়েছে। এ সময় ৩টি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের আটক করা হয়। তারা সবাই মাওয়া এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার উদ্দেশ্যে যাচ্ছিল। আটককৃতদের বয়স ২০-২৫ বছর বয়সী।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন খবর পেয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আওয়ামী লীগের পক্ষে মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।
অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া থেকে ১১ জন ও নয়াগাঁও এলাকা থেকে ১০ জনসহ সর্বমোট ২১ জনকে দুই মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।
সূত্র: স্টার নিউজ