ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে “সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
আজ রোববার ফেইসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর “পদত্যাগ” বা “তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে” মর্মে যে খবর ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই।
বিবৃতিতে দাবি করা হয়, প্রতিমন্ত্রী নিষ্ঠার সঙ্গে তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং পদত্যাগের প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে গতকালের একটি ঘটনার প্রসঙ্গও এসেছে। এতে বলা হয়, নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে “আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের” ঘটনা ঘটেছিল। এ নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বিবৃতির ভাষ্য অনুযায়ী, এই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ-সংক্রান্ত খবর ছড়ানো বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
বিবৃতিতে সংশ্লিষ্ট সব গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের “অপপ্রচারে” বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। যেসব মাধ্যম এ খবর প্রকাশ করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপির প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।