যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস

Share

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয়ী হয়ে দেশটির কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী গভর্নর হিসেবেও দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই আটলান্টার মেয়র।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করেন ৫৬ বছর বয়সী বটমস। মার্কিন সংবাদমাধ্যমগুলোর নির্বাচনী পূর্বাভাসে তার জয়ের খবর জানানো হয়েছে। দেশটির অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক অঙ্গরাজ্য জর্জিয়ায় এই জয় ডেমোক্র্যাটদের জন্যও গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বটমস বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন। টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর গভর্নরের পদ ছাড়ছেন কেম্প।

রাজনীতিতে বটমসের অভিজ্ঞতা দীর্ঘদিনের। আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের জনসম্পৃক্ততা কার্যালয়ের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

বটমসের এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কৃষ্ণাঙ্গ নারীদের অগ্রযাত্রায় নতুন মাইলফলক। ডেমোক্র্যাটিক পার্টির গুরুত্বপূর্ণ সমর্থকগোষ্ঠী হলেও দেশটির সর্বোচ্চ নির্বাচিত পদগুলোতে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্ব এখনো সীমিত।

সূত্র: স্টার নিউজ