মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা, তিন বছরে ৬ হাজার ৮৯৮টি ঘটনা

Share

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক ‘দ্য স্টার’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) দেশটির পার্লামেন্টে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য প্রকাশ করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশিদের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকেরা (৪ হাজার ৮৫৬টি ঘটনা)। তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে রয়েছে:

  • ইন্দোনেশিয়া: ২ হাজার ১৫৪টি ঘটনা
  • চীন: ১ হাজার ২০৭টি ঘটনা
  • ভিয়েতনাম: ১ হাজার ৪৬টি ঘটনা
  • পাকিস্তান: ৮২৩টি ঘটনা
  • মিয়ানমার: ৫৩১টি ঘটনা
  • ভারত: ৫০০টি ঘটনা
  • নেপাল: ৩২৮টি ঘটনা
  • লাওস: ১৭২টি ঘটনা
  • ফিলিপাইন: ১৫৭টি ঘটনা

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশটির ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

বিরোধী দলের এক সংসদ সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। ওই এমপি জানতে চেয়েছিলেন, ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস নিয়ে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন এবং তাঁরা কোন কোন খাতে কাজ করতেন। তবে অভিযুক্ত বিদেশি অভিবাসীদের কর্মক্ষেত্র বা কাজের খাত সম্পর্কে পার্লামেন্টে কোনো তথ্য জানায়নি মালয়েশিয়া সরকার।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন স্পষ্ট করে বলেন, সামাজিক ভ্রমণ পাস কিংবা পর্যটনের উদ্দেশ্যে দেওয়া ভিসা ছাড়ের সুবিধা কোনো বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় অবস্থান করে কাজ করা বা ব্যবসা পরিচালনার বৈধতা দেয় না।