কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে নাশকতা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাত পৌনে ১১টার দিকে উপজেলা সদরের ট্রেনিং সেন্টার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর রাত ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. হাসান (৩২), রেজাউল করিম(৩৫), মো. ইব্রাহীম খলিল ওরফে সজীব (২৭), জাকির হোসেন (৪৮), ইমাম হোসেন ওরফে সাকিব (২৫), মো. ইসমাইল হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেন (৫০), মোহাম্মদ ইয়াকুব (২৭) ও বেলাল হোসেন (২২)। তাঁদের মধ্যে মো. হাসান নিষিদ্ধ ছাত্রলীগের চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, হাসান গতকাল রাতের ঘটনায় নেতৃত্বে থাকা ব্যক্তিদের একজন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের বিষয়ে নজরদারি করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ও ডিবির একাধিক দল কাজ করছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম, খুলনা, সাভার (ঢাকা), কক্সবাজার, কুষ্টিয়া, নোয়াখালী; প্রতিনিধি শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, জামালপুর, সৈয়দপুর (নীলফামারী), রাজশাহী, সিরাজগঞ্জ, কুমিল্লা, ফেনী, রাজবাড়ী, বরগুনা, শ্রীপুর (গাজীপুর), বেড়া, (পাবনা), রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সংবাদদাতা, রংপুর]
সূত্র: প্রথম আলো